শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বুধবার রাতে প্রদত্ত এক শোক বার্তায় নেতৃদ্বয় এই ঘটনায় মৃতদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের পল্টুন থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়।
উক্ত দুর্ঘটনায় বাসটির অধিকাংশ যাত্রী হতাহতের শিকার হয়েছেন।
নেতৃবৃন্দ বাসটি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে, হতাহতের প্রকৃত চিত্র প্রকাশের দাবি জানান।
পাশাপাশি এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও হতাহতদের ক্ষতিপূরণ প্রদান করারও দাবি জানান তারা।