শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ২৪ জনের মৃত্যু এবং আরও অনেকের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে পন্টুনে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়।’
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় স্বজনহারাদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে।
তারা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। আমরা নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এই বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, যাতায়াত ব্যবস্থাকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে, ফেরিঘাটসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা আধুনিকায়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
নেতৃবৃন্দ এই ঘটনায় যারা মারা গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাশাপাশি তারা আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে, এই ঘটনায় কোনো গাফিলতি বা অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেন।
নেতৃবৃন্দ মৃতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার কামনা করেন।