শিরোনাম

নারায়ণগঞ্জ, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ তীর্থ উৎসব ‘মহাষ্টমী স্নান’। পাপমুক্তির বাসনায় দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ ও এর পার্শবর্তী এলাকা।
আজ বুধবার বিকেল ৫ টা ১৭ মিনিটে তিথি শুরুর সঙ্গে সঙ্গে ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো’ মন্ত্র উচ্চারণ করে লাঙ্গলবন্দের ২৪টি ঘাটে স্নান শুরু করেন ভক্তরা। যা চলবে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯ মিনিট পর্যন্ত।
এর আগে সকাল থেকেই লাঙ্গলবন্দের বিভিন্ন মন্দির ও আশ্রমে পুণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে। স্নানোৎসবকে ঘিরে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী বারোয়ারি মেলা। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে কয়েক হাজার বিদেশি পুণ্যার্থী ব্রহ্মপুত্রের এই পবিত্র সলিলে অবগাহন করতে লাঙ্গলবন্দে পৌঁছেছেন বলে জানিয়েছেন লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
স্নানোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছে প্রশাসন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, পুণ্যার্থীদের সুবিধার্থে নদের কচুরিপানা অপসারণ করা হয়েছে এবং ২৪টি স্নানঘাট সংস্কার করা হয়েছে। এছাড়া বিশুদ্ধ পানির সংকট নিরসনে অর্ধশত নলকূপ স্থাপন করা হয়েছে। নারী পুণ্যার্থীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে কাপড় পরিবর্তনের জন্য বিশেষ কক্ষ ও ২০০টি অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেবা প্রদানে ৬২টি সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, লাঙ্গলবন্দ পুণ্যস্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকাল ৮টা থেকে ফোর্স মোতায়েন করা হয়েছে। সিসিটিভি, ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রতিটি ঘাটে পুলিশ রয়েছে, যাতে পুণ্যার্থীরা নিরাপদে স্নান করতে পারেন।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, এবার চারটি নতুন ঘাট নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি ঘাটে নাব্যতা নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ড টহলে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১ হাজার ১০০ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৬০০ জন প্রশাসনের সদস্য, পূজা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবক ও স্থানীয় বিএনপির প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
আমরা আশা করছি, সুষ্ঠুভাবে স্নান কার্যক্রম সম্পন্ন হবে।