বাসস
  ২৫ মার্চ ২০২৬, ২২:২৮

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক হয়েছে। আজ বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে এবং চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে প্রেরণ করেছে এমন খবর গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর ২টায় সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান। অভিযানে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়। 

আটককৃত ডাকাত রবিউল ইসলাম (৪১) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং চাঁদাবাজি করে আসছিলো। 

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।