শিরোনাম

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের ‘মহাষ্টমী স্নানোৎসব’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড। আজ বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘স্নানোৎসব’ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড।
তিনি আরো বলেন, স্নানোৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের অসংখ্য তীর্থযাত্রী ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কোস্ট গার্ড স্টেশন পাগলা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কোস্ট গার্ড নিয়মিত টহল জোরদার এবং জরুরি পরিস্থিতিতে ডুবুরি দল প্রস্তুত রেখেছে। কোস্ট গার্ডের এ কার্যক্রম ‘স্নানোৎসব’ শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমরা চাই সকল ধর্মাবলম্বীরা তাদের স্ব স্ব ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদে উদযাপন করুক।