বাসস
  ২৫ মার্চ ২০২৬, ২১:২১

জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেসিসি প্রশাসকের

ছবি : বাসস

খুলনা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বুধবার নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ খাল পরিদর্শন করেছেন। এসময় তিনি জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং নগরের পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে তিনি মিস্ত্রিপাড়া খাল, সুরি খাল, হরিণটানা খাল ও নারিকেলবাড়িয়া খাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি খাল দখল, আবর্জনা ফেলে পানিপ্রবাহে বাধা এবং চলমান খনন কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
 
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে মঞ্জু বলেন, জনদুর্ভোগ কমাতে এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ঠেকাতে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি সব খালে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি বজায় রাখারও নির্দেশ দেন।

তিনি বলেন, খুলনা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর। টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে খালগুলো সচল রাখা জরুরি। পরিকল্পিত খনন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

খালের তীরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং ওই এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রশাসক। 

এসময় খুলনা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেসিসি সূত্র জানায়, নগরের খালগুলো দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা যায়।