বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৯:৫০

সরকারি কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান ধর্ম সচিবের

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। 

তিনি বলেছেন, নিজেদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করাই হোক এবারের স্বাধীনতা দিবসের শপথ।

আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আয়োজিত ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক  এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইফার আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান।

ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এসএম তরিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এমএ বারী প্রমুখ বক্তব্য দেন।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী।