বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৮:৩০

মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ডিএমপি’র

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত কনসার্টকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উক্ত এলাকার পূর্ব প্রান্ত (খেজুর বাগান) এবং পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) এলাকায় যানবাহন চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকা থেকে আগত যেসব যানবাহন সাধারণত মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট ও বিজয় সরণি অভিমুখে চলাচল করে, সেগুলোকে লেক রোড হয়ে উড়োজাহাজ ক্রসিং ব্যবহার করতে হবে। একইভাবে শাহবাগ ও সোনারগাঁও এলাকা থেকে আগত এবং মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহারকারী যানবাহনগুলোকে ফার্মগেট-বিজয় সরণি-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহনসমূহকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড ব্যবহার করতে বলা হয়েছে। ধানমন্ডি ও নিউমার্কেট এলাকা থেকে আগত যানবাহনগুলো গণভবন ক্রসিং হয়ে বিকল্প সড়ক ব্যবহার করবে।

মিরপুর রোড হয়ে ধানমন্ডি ও নিউমার্কেটগামী যানবাহনসমূহকে মানিক মিয়া এভিনিউয়ে ইউটার্ন না নিয়ে সরাসরি গন্তব্যে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কনসার্টে আগত দর্শনার্থীদের যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করা যাবে বলে জানিয়েছে ডিএমপি।

নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কনসার্ট চলাকালে মানিক মিয়া এভিনিউ সংলগ্ন সড়ক এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।