শিরোনাম

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): স্বাধীনতাকে অর্থবহ ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ( চরমোনাই পীর)। ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দৃষ্টান্ত রয়েছে, যা দুঃখজনক। চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচার উৎখাত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বাধীনতা দিবসের এ প্রেক্ষাপটে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে।
বিবৃতিতে পীর সাহেব চরমোনাই মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন।