বাসস
  ২৪ মার্চ ২০২৬, ২০:২০

শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : দেশের শহর ও গ্রামাঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে রয়েছে— প্রতি বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা দলগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিতভাবে বৃক্ষরোপণ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বা আশেপাশে স্থানীয় বাজার বসলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে তা নিয়মিত পরিষ্কার রাখা।

এ ছাড়া, শিক্ষার্থীদের জন্য বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ উন্মুক্ত রাখা এবং আন্তঃইউনিয়ন খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তাদের সুস্থ বিকাশে সহায়তা করার বিষয়েও সভায় আলোচনা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ৬ সদস্যবিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

কমিটির অন্যান্য সদস্য হলেন—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।