বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৮:০১

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার সালাম রিমান্ডে

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেফতার মো. আব্দুস সালামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

শেরেবাংলা নগর থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১৫ মার্চ রাজধানী থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৬ মার্চ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতেন। তার অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সদস্যদের একটি দল আগারগাঁও পানির ট্যাংকি এলাকা থেকে গত ১৫ মার্চ তাকে গ্রেফতার করে।