বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৭:৫৫

ভিডিও কলে সিলেটের হাসপাতালের কার্যক্রম তদারকি করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ফাইল ছবি

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : এবার সিলেটের আরও একটি হাসপাতালে আকস্মিক উপস্থিত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তবে সশরীরে নয়, সচিবালয় থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে তিনি হাসপাতালের কার্যক্রম তদারকি করেন। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি ভিডিও কলের মাধ্যমে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খোঁজখবর নেন।

ভিডিও কলের শুরুতেই প্রতিমন্ত্রী আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের কাছে সেবার মান এবং সরকারি ওষুধ ঠিকমতো পাচ্ছেন কি না, সে বিষয়ে জানতে চান। এরপর তিনি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের খোঁজ করেন এবং সরাসরি ভিডিওতে হাসপাতালের হাজিরা খাতা দেখতে চান। খাতায় কাদের স্বাক্ষর আছে এবং কারা কর্মস্থলে উপস্থিত আছেন, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
চিকিৎসকদের উপস্থিতি এবং রোগীদের সন্তুষ্টির কথা জানতে পেরে সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।

তিনি চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার এবং রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়তে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

এর আগে সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে ভিডিও কলে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসা সেবার খঁোজ খবর নেন ড. এম এ মুহিত। ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসাসেবা সচল রয়েছে কি না, তা দেখতেই তার এই ঝটিকা তদারকি।