শিরোনাম

চট্টগ্রাম, ২৩ মার্চ, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ঈদের তৃতীয় দিনে চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোডের বাসভবন ‘ডালিয়া কুঞ্জ’তে এ আয়োজন করা হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট, উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। এ সময় পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।
প্রতিমন্ত্রী মীর হেলাল তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। আগত অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেড় যুগ ধরে দেশের মানুষ একটি কর্তৃত্ববাদী অপশাসনে নিষ্পেষিত ছিল।
তিনি বলেন, গুম, খুন ও নির্যাতনের মুখেও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম হয়েছে। ৫ আগস্টের সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই শাসনের অবসান ঘটে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাত্র এক মাসের কর্মকাণ্ডে দেশ গড়ার পরিকল্পনা স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও মহৎ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য শামসুল আলম এবং মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান প্রমুখ।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান, উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
পেশাজীবী ও সাংবাদিকদের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ এবং দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা অংশ নেন।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।