শিরোনাম

পটুয়াখালী, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জনগণের সম্পদ লুণ্ঠন ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। বাউফলের মাটিতে জুলুমবাজদের কোনো স্থান নেই।
তিনি বলেন, জনগণের সেবক হিসেবে আমি সব সময় মানুষের পাশে থাকব এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব।
আজ বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় সংসদ সদস্য বলেন, বাউফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না।
পাশাপাশি চুরি, ডাকাতি ও তেল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শায়েখ জামাল উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন ও পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আতিকুল ইসলাম।