শিরোনাম

পটুয়াখালী, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার বাউফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এ্টি অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাউফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না। তিনি চুরি, ডাকাতি এবং তেল সিন্ডিকেটের কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
তিনি আরও বলেন, ‘জনগণের সম্পদ লুণ্ঠন কিংবা সিন্ডিকেটের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। বাউফলের মাটিতে জুলুমবাজদের কোনো স্থান নেই। জনগণের সেবক হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকব এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব।’
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত গান, কবিতা ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ বাউফল গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট নাজমুল আহসান, শায়েখ জামাল উদ্দীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ আতিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাড.আবুল কাশেম, বাউফল উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, আতিক নজরুলসহ অন্যরা।