শিরোনাম

নোয়াখালী, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক বলেছেন, তাঁর লক্ষ্য দরিদ্র মানুষের কল্যাণ সাধন এবং একটি মাদকমুক্ত ও ‘কিশোর গ্যাং’মুক্ত সমাজ গঠন।
আজ রোববার নোয়াখালীর সেনবাগ উপজেলার দিলদার মার্কেট এলাকায় ‘স্কাইরক্স বৃত্তি প্রদান অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নবম শ্রেণির একটি মেয়ে বখাটেদের ভয়ে স্কুলে যেতে পারে না, পথে তাকে উত্ত্যক্ত করা হয়। সমাজ কেন এর প্রতিরোধ করছে না? কেউ প্রতিবাদ করতে গেলে তাকে অপমান করা হয়, গালিগালাজ করা হয়। রাস্তায় যদি ১০০ মাইল বেগে গাড়ি চলে, তবে কি কেউ নিরাপদ থাকবে?
তিনি আরও বলেন, সমাজকে আজ মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমি আপনাদের পাশে আছি। আপনারা অপরাধীদের ধরিয়ে দিন। তারা যদি আপনাদের অপমান করে, সেই অপমান আমি নিজের মাথায় নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার কোনো লোভ নেই; আপনারা আমাকে ছয়বার এমপি নির্বাচিত করেছেন। সাম্প্রতিক নির্বাচনে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে যারা নিজেদের গাড়িতে নিজেরাই ঢিল ছুড়ে নির্বাচনকে বিভ্রান্ত করতে চেয়েছে, আমি তাদের ধিক্কার জানাই। এমনকি কিছু রিপোর্টার অর্থের বিনিময়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, যাতে নির্বাচন নিয়ে একটি ইস্যু তৈরি করা যায়।
তিনি বলেন, “দিলদার মার্কেটের সামনে গাড়িতে গুলির ঘটনার কথা বলা হলে আমি নিজেই সেখানে উপস্থিত হই। যাচাই করে দেখি, আসলে কোনো গুলির ঘটনা ঘটেনি। ভবিষ্যতে যেন এ ধরনের অসৎ সাংবাদিকতার জন্ম না হয়, সে ব্যবস্থা নিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউইসিএ ইনকের সহযোগিতায় ‘স্কাইরক্স বৃত্তি ২০২৫’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজন কমিটির আহ্বায়ক আবু নাছের টিপুর সভাপতিত্বে ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে ৬০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৭২ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজন কমিটির আহ্বায়ক আবু নাছের টিপুর সভাপতিত্বে ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে ৬০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৭২ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।