শিরোনাম

ঢাকা, ২১ মার্চ ২০২৬ (বাসস) : নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস (এনইসিওএস) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশের বিকেএসপি জুডো দলের অসামান্য সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশের জুডোকাররা ০২টি স্বর্ণ এবং ০১টি ব্রোঞ্জ পদক জয় করায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
আজ এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিকেএসপির কৃতী জুডোকা আজিজা আলেয়া লিয়ন, উসাচিং, মারমা বিজয় এবং রেমি হাসির এই গৌরবোজ্জ্বল অর্জন বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক এই আসরে নেপাল ও ভুটানের ৩০০ জন প্রতিযোগীর মধ্যে আমাদের অ্যাথলেটদের এই বিজয় প্রশংসার দাবি রাখে। পদকজয়ী সকল খেলোয়াড়, কোচ এবং বিকেএসপি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতি এবং বিকেএসপির সঠিক নির্দেশনার ফলেই আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের তরুণরা নিয়মিত সাফল্য বয়ে আনছে।
তিনি আশা প্রকাশ করেন যে, এই তরুণ জুডোকাররা ভবিষ্যতে আরো বড় পরিসরে দেশের জন্য সম্মান বয়ে আনবে।
উল্লেখ্য যে, নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন।