বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৮:০২

সুবিধা বঞ্চিত ৬শ’ জনকে খাবার পরিবেশন করলেন অনিন্দ্য ইসলাম 

ছবি: বাসস

যশোর, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এক ব্যতিক্রমী মিলনমেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয়ফুল জার্নি’। উৎসবমুখর এই আয়োজনে সুবিধাবঞ্চিত ছয় শতাধিক নারী, পুরুষ ও শিশুদের উন্নতমানের রান্না করা খাবার পরিবেশন করা হয়।

এই আয়োজনকে আরও রঙিন করে তোলেন প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদেরকে নিজ হাতে পোলাও, চর্বি-ডাল, মুরগির রোস্ট, গরুর মাংস পরিবেশন করেন।

প্রতিমন্ত্রী নিজ হাতে খাবার পরিবেশন করতে দেখে খাবার খেতে আসা অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। যশোর রেলস্টেশন এলাকায় ৮০ বছরের বৃদ্ধা জরিনা বেগম বললেন, ‘এই ঈদের দিনেও হয়তো বাসি খাবার খেয়েই দিন কাটাতে হতো। কিন্তু আল্লাহ’র ইচ্ছায় আজ পোলাও, রোস্ট, গরুর মাংস খেতে পারছি। তাও আবার যশোরবাসীর নয়নের মনি অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে বেড়ে খাওয়াচ্ছেন। এমন সমাদর পাব কখনও কল্পনাও করিনি’।

পুরাতন কসবা এলাকার রিক্সাচালক আব্দুর রহমান (৬০) বলেন, ‘রিক্সা চালিয়ে দিনের খাবারই জোটাতে পারিনা। ঈদের দিন আলাদা করে ভাল খাবারের ব্যবস্থা করা হয়ে ওঠে না। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এখানে খুব তৃপ্তিসহকারে খেয়েছি। প্রতিমন্ত্রী নিজে খাবার বেড়ে দিয়েছেন। ঈদের দিনে এমন পরিবেশে এভাবে খেতে পারবো কখনও ভাবিনি’।

এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল আইসক্রিম কর্নার। এখানকার আইসক্রিমের স্বাদ সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের উল্লাস আরও বাড়িয়ে দেয়।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের মাঝে সীমাবদ্ধ করে রাখা নয়, বরং তা সমাজের অবহেলিত মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার মধ্যেই সার্থকতা।

তিনি বলেন, ‘জয়ফুল জার্নি’ যেভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।

সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে সংগঠনটি তাদের সেবামুলক কাজের পরিধি আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় সেখানে ‘জয়ফুল জার্নি’র প্রধান উপদেষ্টা এহতেশামুল হক পাপ্পু, সভাপতি শাহরিয়ার রহমান হেলাল, সহ-সভাপতি কৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক শেখ সাদ্দাম হোসেন, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি শাহরিয়ার রহমান হেলাল জানান, এর আগেও গত দু’টি ঈদে তারা একইভাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আনন্দ আয়োজনের ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতেও তাদের এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।