বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৫:২১

লালমনিরহাটের উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মন্ত্রী দুলুর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু শনিবার লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছো বিনিময়কালে কথা বলেন। ছবি: বাসস

লালমনিরহাট, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : লালমনিরহাটকে আধুনিক ও আদর্শ জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শনিবার সকাল ৯টায় লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছো বিনিময়কালে তিনি একথা বলেছেন।

মন্ত্রী বলেন, জনগণের দেয়া আস্থা তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব। এই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবেন।

তিনি আরও বলেছেন, লালমনিরহাটকে একটি উন্নত ও আদর্শ জেলায় পরিণত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

মন্ত্রী উল্লেখ করেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের ঈদ সাধারণ মানুষের মাঝে নতুন মাত্রার আনন্দ ও প্রত্যাশা সৃষ্টি করেছে। এই ইতিবাচক পরিবেশকে কাজে লাগিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ঈদের জামাত শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আতিকুর রহমান।

পরে মন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।