বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৪:৪৩

বরিশালে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদ্‌যাপিত 

ছবি : বাসস

বরিশাল, ২১ মার্চ, ২০২৬ (বাসস): যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বরিশালে পবিত্র ঈদ-উল- ফিতর উদ্‌যাপিত হয়েছে। কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে বৈরী আবহাওয়ায় যাতায়াত অসুবিধা হলেও বৃষ্টি উপেক্ষা করেই মহানগরীর বাসিন্দারা ঈদের জামাতে অংশ নেন। 

বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন,  মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়ানউদ্দিন শিকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক মুসল্লি প্রধান জামাতে অংশগ্রহণ করেন। 

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন মসজিদে সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।