বাসস
  ২০ মার্চ ২০২৬, ২৩:৪৮

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান খুলনা বিএনপির

খুলনা, ২০ মার্চ ২০২৬ (বাসস) : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে খুলনা বিএনপি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন দলটির নেতৃবৃন্দ।

শুক্রবার (২০ মার্চ) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় খুলনাবাসীসহ সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তারা এ আহ্বান জানান। নেতৃবৃন্দ দেশবাসীর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে-সে প্রত্যাশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর আবারও আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ শিক্ষা ধারণ করে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনুক-এটাই তাদের প্রত্যাশা। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- জাতীয় সংসদের হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।