বাসস
  ২০ মার্চ ২০২৬, ১৬:০৪

বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না : চিফ হুইপ

চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি

বরগুনা, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : বরগুনা-২ আসনের এমপি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে সরকার ও বিরোধী দলের সমন্বিত ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘পার্লামেন্ট হলো সব কর্মকাণ্ডের ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু, দেশের সব আইন তৈরি করার জায়গা। যেসব দেশে পার্লামেন্টের প্রাকটিস হয় সে সব দেশে এগুলো বাস্তবায়িত হয়। আমাদের দেশে গত ১৭ বছরে ফ্যাসিস্টরা এই কাজটি করতে দেয়নি।’

চিফ হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বরগুনা সফরে এসে বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সংসদে বিরোধী দলকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে এবং তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংসদ মূলত জনগণের প্রতিনিধিত্বের জায়গা, যেখানে বিরোধী দলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে বিকেলে বরগুনা সার্কিট হাউসে পৌঁছানোর পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাত ৮টার দিকে সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে।