শিরোনাম

নরসিংদী, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি বলেন, সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতির সামনে তুলে ধরে দেশকে উন্নতি ও সামনে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেন।
আজ বুধবার নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের উন্নয়নে যেখানে যা প্রয়োজন, তা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে-আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর মো. সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।