শিরোনাম

খুলনা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম ও খুন হওয়া শহীদ পরিবারের প্রতিনিধিদের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় খুলনা বিএনপি অফিসে ১৪টি শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে এ ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির খুলনা জেলা শাখার আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে মো. মনিরুজ্জামান মন্টু বলেন, গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সবাই একই পরিবারের সদস্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার কার্যক্রম গ্রহণ করেছে।
এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই ঈদ উপহারের আয়োজন করেছেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, খুলনা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শহীদ নেতাকর্মীদের পরিবারকে সরকারি ভাবে এবং জেলা পরিষদের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা অব্যহত থাকবে।
পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার ১৪টি শহীদ পরিবারের হাতে তুলে দেন ও পরিবারের সদস্যদের সান্তনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবে ও সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির, অধ্যাপক মনিরুল হক বাবুল, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল।
এ সময় খুলনার জেলা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠন এবং নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।