শিরোনাম

চট্টগ্রাম, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীতে এ বছর প্রায় ২৬৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে এসব জামাতের আয়োজন করা হবে।
ইতোমধ্যে জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সহযোগিতায় ঈদের জামাতের স্থানসমূহ নির্মাণ ও সজ্জার প্রস্তুতি শুরু হয়েছে, যাতে উৎসবটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপন করা যায়।
চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মুখস্থ জিমনেশিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ঈমামতি করবেন- বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি নগরীর বিভিন্ন স্থানে মোট ৯৬টি ঈদের জামাতের সময়সূচি চূড়ান্ত করেছে। এসব জামাত সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে প্রথম ও প্রধান জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে নগরীর দামপাড়া জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল-কাদেরি, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ’র সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরি।
এছাড়া নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে যথাক্রমে লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।
নিজস্ব আয়োজনে আন্দারকিল্লা শাহী জামে মসজিদ, লালদীঘি ময়দান, প্যারেড গ্রাউন্ড, পলোগ্রাউন্ড ময়দান, শাহ আমানত (র.) দরগাহ ময়দান, বন্দর কলোনি জামে মসজিদ, মেট্রোপলিটন পুলিশ লাইনস ময়দান, আগ্রাবাদ জাম্বুরি মাঠ এবং বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে একযোগে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন তাদের ৪১টি ওয়ার্ডে মোট ১৭০টি ঈদের জামাত আয়োজন করবে, যা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
গত ১১ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৬টি আঞ্চলিক ঈদগাহ সমূহের ঈদুল ফিতরের নামাজের সময়সূচি স্থানীয় কমিটির সিদ্ধান্তানুসারে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
এর বাইরে জেলার ১৫টি উপজেলায় বিভিন্ন মসজিদে মোট ২ হাজার ৫৪২টি ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট মহল্লা ও গ্রামের মসজিদ ও ঈদ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী এসব জামাত অনুষ্ঠিত হবে। সবগুলো জামাত সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।