বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৯:১০

দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ শুভেচ্ছা 

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

আজ বুধবার এক যৌথ বিবৃতিতে তারা এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাহে রমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনা মানুষকে আত্মসংযম, ন্যায়পরায়ণতা ও তাকওয়ার শিক্ষা দেয়। পবিত্র ঈদ সেই শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তারা বলেন, বর্তমান বিশ্ব অশান্তি, সংঘাত ও অন্যায়ের ভারে বিপর্যস্ত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ফিলিস্তিন ও ইরান পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। এতে নিরীহ নারী-শিশুসহ অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এবং বহু মানুষ মানবিক সংকটে পড়ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের মুসলমানদের জন্য ঈদ উদযাপন বেদনাবিধুর হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তারা।

খেলাফত মজলিসের নেতৃদ্বয় আরও বলেন, প্রবাসে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশিও অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে ঈদ পালন করতে বাধ্য হচ্ছেন।

তারা বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধ। তাই সমাজের বিত্তবানদের গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা, যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে।

নেতৃদ্বয় দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মুসলিম উম্মাহকে সব ধরনের সংকট থেকে মুক্তি দেন এবং বিশ্বে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেন।