শিরোনাম

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
তিনি আজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, রমজানের পুরোটা মাস জুড়ে আমরা সিয়াম-সাধনা করেছি। তাকওয়া অর্জনের চেষ্টা করেছি, গুনাহ থেকে বেঁচে থাকা ও নেকির কাজ বেশি বেশি করার চেষ্টা করেছি। এর ফলে ব্যক্তি জীবনে একধরণের শুদ্ধতা এসেছে।
তিনি আরও বলেন, জাতীয় জীবনেও শরীয়াহ পালনের প্রতি আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হয়েছে। ঈদের পরেও ব্যক্তি ও জাতীয় জীবনে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রকৃত সাফলতা আসবে।
আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ঈদ একটি ধর্মীয় ইবাদত। হজরত ওমর রাদিআল্লাহু তাআ’লা আনহু গুনাহ মাফ না হওয়ার ভয়ে ঈদের দিন কান্না করতেন। তাই ঈদ পালনে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে।
এ সময় তিনি বলেন, ভিনদেশী অপসংস্কৃতি যাতে ঈদের উৎসবে প্রবেশ না করে, সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, রমজানের পবিত্রতা ও সংযমের শিক্ষা সারা বছর ব্যক্তিগত ও জাতীয় জীবনে যদি ধারণ করা যায়, তাহলেই প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব হবে।
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ঈদ বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী উৎসব, যার সঙ্গে সুলতানী ও মুঘল আমলের ঐতিহ্য জড়িয়ে রয়েছে।
তিনি আরও বলেন, এ উৎসবকে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে।
দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা সামাজিক কারণে নিজেদের দারিদ্র্য আড়াল করে রাখেন, তাদের প্রতিও সহানুভূতির হাত বাড়াতে হবে।
সমাজের কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।