বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৭:৫৬

সান্তাহারে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক

ছবি : বাসস

নওগাঁ, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : নওগাঁর পার্শ্ববর্তী বগুড়ার সান্তাহারে আন্ত:নগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অধশতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণপাড়া পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আহতদের উদ্ধার কাজ চলমান রেখেছে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে শত শত যাত্রী নীলসাগর ট্রেনযোগে সান্তাহার হয়ে বিভিন্ন জেলায় যাচ্ছিলেন। প্রতিদিনের ন্যায় এ দিন সান্তাহার স্টেশন সংলগ্ন বাগবাড়ীতে রেল লাইনের কাজ চলছিল। কিন্তু নীলসাগর ট্রেনটি কিছু বুজে উঠার আগেই ঘটনাস্থলে পৌঁছালে ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। 

এর মধ্যে এসি চেয়ার, শোভন চেয়ার, পাওয়ার কার বগি আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৬২ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে। এর আগে অনেক যাত্রী নিজ নিজ উদ্যোগে চলে গেছে। 

সান্তাহার জংশন স্টেশনের অধীনে দায়িত্বে থাকা ওয়েম্যান সোহেল বলেন, রেল ভেঙে যাওয়ার কারণে এখানে কাজ হচ্ছিল। কন্ট্রোল রুমে সিগন্যাল দেওয়া আছে। এরপরও লাল ব্যানার দেওয়া থাকে। সিগন্যাল ও লাল ব্যানার উপেক্ষা করে ট্রেনটি এসে দুর্ঘটনায় পড়ে। এমনকি হাতের সিগন্যালও মানেনি চালক।

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, কিভাবে এটা হলো এখনই বলা যাবে না। পরবর্তীতে বলা যাবে। কারণ এখন এখানে ট্রেনের চালক নেই।

নওগাঁ সদর হাসপাতালের (আরএমও) আবুজার গাফফার বলেন, এখন পর্যন্ত ১০ জনকে হাসপাতালে ভতি করা হয়েছে। ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয়েছে।