শিরোনাম

বরিশাল, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি) কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণ করেন সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় বরিশাল অশ্বীনি কুমার টাউন হলে এই উপহারের টাকা পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেয়া হয়। ১ হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে পাঁচ হাজার করে টাকা তুলে দেয়া হয়।
এ সময় বিসিসির নতুন প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, শহরকে সুন্দর ও পরিষ্কার করে রাখতে হবে। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। সকলে মিলে বরিশালকে তিলোত্তমা করে গড়ে তুলতে হবে।
এ দিকে ঈদের আগে উপহার হিসেবে টাকা পেয়ে খুশি পরিচ্ছন্নতা কর্মীরা। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী আমাদের কথা ভেবে ঈদ উপহার পাঠিয়েছেন।
তারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে সিটি কপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, সিটি কপোরেশনের সচিব রুম্পা শিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।