শিরোনাম

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : হুয়া থাই সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক সংসদ সদস্য (চাঁদপুর-৩) ও পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন সংসদীয় কমিটির সাবেক চেয়ারম্যান জি এম ফজলুল হক মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত এবং নানা জটিল রোগে ভুগছিলেন। সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলছিল। ১৫ দিন আগে তাঁকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জিএম ফজলুল হক ১৯৯৬ সালে এবং ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দেশের একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং একাধিকবার সিআইপি হন।
মরহুমের নামাজে জানাজা আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৯ মার্চ বৃহস্পতিবার মরহুমের দ্বিতীয় জানাজা চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
মরহুম জি এম ফজলুল হক বিসিএমইএ’র ডাইরেক্টর ও হুয়া থাই সিরামিকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো জিয়াউল হক জিকো’র পিতা।