বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১১:৪৪
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১১:৪৮

পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রী সাধারণের যাত্রা নিরাপদে পুলিশের প্রস্তুতি

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেন। ছবি: বাসস

রাজবাড়ী, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ লক্ষ্যে গতকাল দুপুরে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেন।  শুরুতে দৌলতদিয়া  বাস কাউন্টারসমূহ দেখেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অনুযোগগুলো গুরুত্বসহকারে শোনেন। ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে  লঞ্চঘাট-ফেরিঘাট পরিদর্শন করে নদী পথে চলাচলকারী লঞ্চ ও অন্যান্য জলযানের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রী ও যানবাহনের নিরাপদ পারাপার নিশ্চিত করেন। এ সময় জেলাপ্রশাসক সাথে ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ‘উছেন মে’সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও  বিআইডব্লিওটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঈদকে সামনে রেখে রাজবাড়ী জেলা পুলিশ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। জেলার ঈদগাহ, মসজিদ, বিপণি-বিতান, বাস টার্মিনাল ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশেষ করে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহনের সারিবদ্ধ চলাচল নিশ্চিতকরণ এবং যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি ভ্রাম্যমাণ টহল ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদ উদযাপন শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে জেলার সর্বস্তরের জনগণ সম্মিলিতভাবে সহযোগিতা করছে।