বাসস
  ১৬ মার্চ ২০২৬, ২২:৩৩
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২২:৩৯

রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক 

রাজশাহী, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণ করেছেন। 

আজ সোমবার নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ি প্রশাসক রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ ন ম বজলুর রশীদ।

নগর ভবনে নবনিযুক্ত রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। 

দায়িত্ব গ্রহণের পর রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। 

প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যথাযথভাবে পালন করবো। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম বৃদ্ধি করা হবে। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে নাগরিক ভোগান্তি দূর করা হবে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনকে একটি কার্যকর সিটি কর্পোরেশনে পরিণত করতে চাই। এ কাজে আমি নগরবাসী ও সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি ওয়ালিউল হক রানাসহ স্থানীয়  বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে দুপুর ১২টায় হজরত শাহ মখদুম রুপোশ (রহ.) এর মাজার জিয়ারত করেন রাসিকর প্রশাসক। 

উল্লেখ্য, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর নবনিযুক্ত রাসিক প্রশাসক ১৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদান করেন। নবনিযুক্ত রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।