বাসস
  ১৬ মার্চ ২০২৬, ২০:৫২

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বো : হুইপ অপু

ছবি: বাসস

মাদারীপুর, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ ভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো। 

আজ সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর বালুর মাঠ এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, গত ১৭ বছরের যে জঞ্জাল সৃষ্টি হয়েছে তা একদিনে শেষ করা সম্ভব নয়। দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন। 

দেশব্যাপী নদী-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় লক্ষ্মীগঞ্জ খেয়াঘাট থেকে চরমুগরিয়া পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, পুলিশ সুপার এহতেশামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব প্রমুখ উপস্থিত ছিলেন।