বাসস
  ১৬ মার্চ ২০২৬, ২০:৪৩

কেসিসির পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ছবি : বাসস

 

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এ উপহার তুলে দেন। তিনি ৭’শ ২৮ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন। ইতোমধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সাথে সম্পৃক্তদের ভাতার আওতায় এনেছেন। ধাপে ধাপে তিনি কৃষক কার্ড, হেলথ কার্ডসহ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন।

তিনি বলেন, আমাকে কেসিসি’র দায়িত্ব প্রদানের সময় প্রধানমন্ত্রী মেট্রোপলিটন শহরগুলোকে পরিচ্ছন্ন, ধুলা ও মশামুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাঠ পার্যায়ে পরিচ্ছন্ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের অনুপ্রেরণা দিতেই প্রধানমন্ত্রী এ অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছেন।

নগরীর বিদ্যমান সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছেন। দুর্নীতি ও অপচয়মুক্ত সিটি কর্পোরেশন গড়ে তুলে আমরাও খুলনা মহানগরীকে নতুনভাবে সাজিয়ে তুলব। এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে তিনি উপস্থিত পরিচ্ছন্নতা কর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীগণ  উপস্থিত ছিলেন।