শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল।
আজ সোমবার রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৮ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক জ্ঞানার্জনের লক্ষ্যে রাজধানীর মিন্টো রোডের সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেন।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম ও সিটিটিসির কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটে বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত সকল ধরনের ইকুইপমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় ধারণা দেন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এই পরিদর্শনের ফলে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর সাথে সিটিটিসির পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও কর্মকর্তারা আশা ব্যক্ত করেন।
প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।
পরিদর্শনকালে সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত সকল অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন।