শিরোনাম

বাগেরহাট, ১৬ মার্চ ২০২৬ (বাসস): জেলার মোল্লাহাট উপজেলায় আজ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেছে মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্র।
আজ সোমবার সকালে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন বিদ্যুৎ কেন্দ্রটির পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো. নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিত কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কে. এম. মহিউদ্দিন আবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোম্পানির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় মোল্লাহাট উপজেলার দুইশ’টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ ও সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।