শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোসা. তাছলিমা আক্তার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার ডিআইটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি চৌকস টিম রাজধানীর শাহজাহানপুর থানার ডিআইটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোসা. তাছলিমা আক্তারকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মোসা. তাছলিমা আক্তার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।