শিরোনাম

বরিশাল, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : বরিশাল জেলা পরিষদ ও সিটি কপোরেশনে নতুন দুই প্রশাসক আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ (সোমবার) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। এসময় সেখানে বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের নতুন প্রশাসক আকন কুদ্দুসুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও সুন্দর, দুর্নীতিমুক্তভাবে বরিশাল জেলা পরিষদকে পরিচালনা করতে চাই। বরিশালের জেলা পরিষদকে সবার সহযোগিতায় একটি কার্যকারী,গণমুখী, আধুনিক এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিনত করতে চাই। জেলা পরিষদের যে সব সম্পদ রয়েছে তা জনগণের কল্যাণের জন্য ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বেলা সাড়ে ১২ টায় বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার বুঝে নেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তার দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি অনুষ্ঠান ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
পরে বরিশাল সিটি কপোরেশনের নগর অডিটরিয়াম ভবনে তার হাতে আনুষ্ঠানিক দায়িত্বভার বুঝিয়ে দেন সিটি কপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহম্মাদ মাহফুজুর রহমান। এসময় বরিশালের পুলিশ কমিশনার, ডিআইজি, র্যাব-৮ এর অধিনায়, বিএনপি’র জেলা ও মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নতুন প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন তার বক্তব্যে বলেন, ‘আমি প্রশাসক নই, জনগণের সেবক হতে চাই। এজন্য দরকার সবার সহযোগিতা। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর, সিটি কপোরেশন গড়তে চাই।’