বাসস
  ১৫ মার্চ ২০২৬, ০০:১৭

জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু

ছবি : বাসস

খুলনা, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে তাদের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

আজ শনিবার খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং দলীয় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বিএনপির রাজনৈতিক দর্শন ও লক্ষ্যের কথা তুলে ধরে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জু বলেন, বিএনপি কেবল একটি সাধারণ গণতান্ত্রিক দল নয়, এটি এদেশের মানুষের প্রাণের দল, জনপ্রিয় দল এবং মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা। 

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করার যে ব্রত নিয়ে এই দলের যাত্রা শুরু করেছিলেন, সেই পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি।

নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের এই নতুন যাত্রায় আমাদের প্রধান লক্ষ্য হলো জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করা। আমাদের মূল লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। 

তিনি বলেন,  সরকার প্রধান দেশ গঠনের জন্য যে কল্যাণমুখী কর্মসূচি ও সংস্কারের কথা বলেছেন, আসুন আমরা সবাই মিলে তৃণমূল পর্যায় থেকে তা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। 

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং দলের শীর্ষ নেতাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর জামায়াতের সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. প্রফেসর হারুন অর রশীদ খান, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুু প্রমুখ।