বাসস
  ১৪ মার্চ ২০২৬, ২৩:২৯

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক বিশেষ অভিযান শুরু করেছে।

আজ শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে নগরের বিভিন্ন ওয়ার্ডে একযোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এবং সংশ্লিষ্ট কীটতত্ত্ববিদ ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী মাঠপর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

ডিএনসিসির আওতাধীন ১, ৫, ১৩, ১৯, ৩০ ও ৩৮ নম্বর ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ১১০ জন মশককর্মী অংশ নেন। মাঠপর্যায়ে ফগার মেশিন, হ্যান্ড স্প্রে মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ, আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার, লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালনা, লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি নগরবাসীকে বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে একইসঙ্গে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ অভিযানের অংশ হিসেবে নগরের বিভিন্ন ড্রেন, খাল ও জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। শহরজুড়ে পরিচালিত এ কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অন্তত ২০০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। আগামী ৩০ মে পর্যন্ত প্রতি শনিবার এ কর্মসূচি চলমান থাকবে।

এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং স্বাস্থ্য অধিদপ্তর-এর জরিপ অনুযায়ী ডিএনসিসির ২৫টি ওয়ার্ড এডিস মশার সূচকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মার্চ থেকে মে পর্যন্ত প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএনসিসির পক্ষ থেকে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।