শিরোনাম

ঢাকা, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ উন্নয়নের লক্ষ্যে রাজধানীর ধলপুর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে নতুন যানবাহন হস্তান্তর এবং চালক-মেকানিকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে উজ্জীবিত হয়ে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ডিএসসিসির মাসব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’ চলমান রয়েছে, যার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে।’
তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়কবাতির উন্নয়নে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। অবৈধ দখলদারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসক বলেন, ‘জলাবদ্ধতা নিরসন এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতায় যে কোনো মূল্যে খাল ও জলাধারের জায়গা পুনরুদ্ধার করা হবে।’
ধলপুর এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। তারা এলাকার ড্রেন, নালা ও ফুটপাত থেকে জমে থাকা বর্জ্য অপসারণ করেন। পাশাপাশি মশা নিধনের জন্য ওষুধ ছিটানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি র্যালিও আয়োজন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে ডিএসসিসি প্রশাসক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও ম্যাকানাইজড পার্কিং স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয়কৃত নতুন যানবাহন হস্তান্তর করেন। হস্তান্তরিত যানবাহনের মধ্যে রয়েছে ৮ টন ক্ষমতাসম্পন্ন ৫টি থ্রি-হুইল রোড রোলার, ৩টি টায়ার ডোজার, ১টি লো-বেড ট্রেইলার এবং ৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১০টি পানিবাহী গাড়ি। এসব যানবাহন নগরীর সড়ক রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রশাসক বলেন, এসব আধুনিক যান ব্যবহারের মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য অর্জনে ডিএসসিসি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
একই দিনে ডিএসসিসির যান্ত্রিক সার্কেলের উদ্যোগে চালক ও মেকানিকদের জন্য একটি স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রশাসক। ডিএসসিসির অভিজ্ঞ প্রকৌশলীদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ পরিচালিত হবে।
প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, ‘চালক ও মেকানিকরা দক্ষ হলে ছোটোখাটো যান্ত্রিক সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব হবে। এতে যানবাহনের কার্যক্ষমতা বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে।’
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যান্ত্রিক সার্কেলের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।