শিরোনাম

চট্টগ্রাম, ১৪ মার্চ, ২০২৬ (বাসস): ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, নির্বাচন সম্পন্ন হওয়া তথা শপথ গ্রহণের একমাস না পেরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম শুরু করেছেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলট প্রকল্পের আওতাধীন ১৩ থেকে ১৪টি অঞ্চলে বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান আছে। পাশাপাশি খাল খনন কর্মসূচি আমরা শুরু করেছি, তিনি আনুষ্ঠানিকভাবে ১৬ মার্চ থেকে এই কর্মসূচি শুরু করবেন।
আজ শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সরকারি যাকাত ফান্ড থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪৭ জন গরিব ও দুঃস্থদের মাঝে আর্থিক চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, মুসলমান হিসেবে যাকাত আমাদের উপর ফরজ, যাদের নির্ধারিত পরিমাণ সম্পদ রয়েছে। যারা যাকাতের টাকা নিচ্ছে বা আমরা যাকে যাকাতের টাকা দিচ্ছি, সেটি তার প্রাপ্য। এটা আমাদের কোন ঐচ্ছিক বিষয় নয় যে, কাউকে দয়া করে দিচ্ছি। তারা যে আমাদের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে যাচ্ছে, তিনি বরং আমাদের উপকার করছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান, হাটহাজারী পৌর বিএনপির আহবায়ক মো. জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী মীর হেলাল হাটহাজারী কলেজ গেট এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। বেলা সাড়ে ১২টার দিকে হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্র জনগণের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।