শিরোনাম

ঢাকা, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষায় ও জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাস নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীর জেলা পরিষদ ভবনে মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দলীয় নেতা-কর্মীদের কল্যাণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই জাসাস প্রতিষ্ঠা করেছিলেন।
এ সময় ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, গত ১৭ বছরে একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের দেশীয় সংস্কৃতির ওপর যে আগ্রাসন চালিয়েছে, তা রুখে দিতে জাসাসকে আরও সুসংগঠিত হতে হবে।
তিনি সতর্ক করে আরও বলেন, প্রকৃত জাতীয়তাবাদী চেতনা জাগ্রত না থাকলে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলো আবারও গণতন্ত্রের পথ রুদ্ধ করার চেষ্টা করতে পারে।
চট্টগ্রাম মহানগর জাসাস-এর আহবায়ক লায়ন এম এ মুসা বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
দোয়া ও ইফতার মাহফিলে জাসাস-এর শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ত্যাগী নেতা-কর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।