বাসস
  ১৩ মার্চ ২০২৬, ০০:০০

পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর উপহার দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

আজ মিরপুরে ডিএনসিসি আয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রশাসক আরো বলেন, যারা ভোর থেকে শহর পরিচ্ছন্ন রাখা ও মশক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করেন, তাদের সম্মান জানাতেই পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে একসাথে ইফতার আয়োজন করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আজ থেকে শপথ করবো— যার যে দায়িত্ব রয়েছে, তা আমরা সঠিকভাবে পালন করবো।’

তিনি আরো বলেন, যারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে যারা দায়িত্ব পালনে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রশাসক নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।