বাসস
  ১২ মার্চ ২০২৬, ২০:৩৭

ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

মানিকগঞ্জ, ১২ মার্চ ২০২৬ (বাসস): ঢাকা -আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার কাছে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন।

নিহতদের নাম মোনায়েম খান (৫০) এবং জোসনা আক্তার (৪৫)। তারা ঢাকার দক্ষিণ খানের চালাবন এলাকা থেকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় তাদের গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ জানান, দুপুর ১.৪৫ মিনিটে ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান একই দিকে অন্য একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার চেষ্টা করলে পাটুরিয়াগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক মোনায়েম খান এবং তার স্ত্রী জোসনা আক্তার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মোনায়েম খান মারা যান। জোসনাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।