বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৭:২০

ঈদের ছুটিতে বিএসিএইচ ও আরটিজিএস লেনদেনের বিশেষ সময়সূচি নির্ধারণ 

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিতে ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবার জন্য বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে, আগামী ১৮ ও ১৯ মার্চ বিএসিএইচ ও আরটিজিএসের আওতায় লেনদেন নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

সার্কুলার অনুযায়ী, বিএসিএইচ এর আওতায় উচ্চমূল্যের ক্লিয়ারিং চেক জমা দেওয়ার সময়সীমা সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং রিটার্ন কাট-অফ সময় দুপুর ১২টা ৩০ মিনিট। নিয়মিত মূল্যের ক্লিয়ারিং চেক জমা দেওয়ার সময়সীমা দুপুর ১২টা পর্যন্ত এবং রিটার্ন কাট-অফ সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা। 

এছাড়া বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা বিদ্যমান সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আরটিজিএস ব্যবস্থায় বাংলাদেশি মুদ্রা ও বৈদেশিক মুদ্রায় লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদুল ফিতরের আগে আর্থিক লেনদেন সহজ ও দ্রুত সম্পন্ন করার সুবিধার্থে এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।