বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৭:১৮

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানী ডেমরার গলাকাটা এলাকায় একটি নির্মানাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন। 

ওই শ্রমিকের নাম মোহাম্মদ শামীম (১৮)। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীমকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ বাবু জানান, তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। 

আজ সকাল সাড়ে ১১টার দিকে ডেমরা গলাকাটা এলাকার ফাহাদের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের হেলপার হিসেবে কাজ করার সময়  বিদ্যুৎস্পৃষ্ট হলে, অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবু আরও জানান, শামীমের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা  বাঁশবুনিয়া গ্রামে। তার বাবার নাম সান্টু মাতব্বর। 

বর্তমানে শামীম ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, শামীমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।