বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৭:১৩

যাত্রীবাহী স্লিপার বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকা মহানগরীতে যাত্রীবাহী একটি স্লিপার বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর কার্যালয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেলের একটি দল রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ৪৬৪ নম্বর মোল্লা টাওয়ারের সামনে একটি বাসে অভিযান চালায়। 

অভিযানকালে কক্সবাজার থেকে ঢাকার আব্দুল্লাহপুরগামী ‘দোয়েল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী স্লিপার কোচ (রেজিস্ট্রেশন নম্বর : ঢাকা মেট্রো-ব-১২-১৯৮৮) তল্লাশি করে সোয়াইব সরকার (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত সোয়াইব সরকার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের বাসিন্দা। তার পিতা আবু ইউসুফ এবং মাতা মৃত রেহেনা বেগম।

পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে, একটি কালো রঙের স্কুলব্যাগের ভেতর থেকে কালো টেপ ও পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ১০টি করে নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট ছিল এবং প্রতিটি প্যাকেটে ২০০টি করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা দাঁড়ায় ১০ হাজার পিস।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীর বেশে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।