শিরোনাম

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ ৩৯৭ জনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নৌ পুলিশ হেডকোয়ার্টাসের পুলিশ সুুপার (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ৯৬ লাখ ৪৪ হাজার ৯৪৫ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৫০১ কেজি মাছ, ৩ লাখ মাছের পোনা, দুই কেজি পারশে মাছের পোনা, ২১০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২১৩টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৯টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং চারটি ড্রেজার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ৩৯৭ জন আসামি গ্রেফতার করা হয় এবং বিভিন্ন অপরাধে ১৮৮টি মামলা দায়ের করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।