শিরোনাম

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : দেশে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি) ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) এবং রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং (আরএফএফ) বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে।
এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো— দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর উদ্ধারের পাশাপাশি অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের লেভেল-৬-এ অবস্থিত বেবিচক-এর চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন এফএসসিডি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বেবিচক-এর পরিচালক (এটিএম) মো. শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক মো. মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় বেবিচক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে কাজ করবে।
এর ফলে, বিমানবন্দর এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা, উদ্ধার কার্যক্রম পরিচালনা ও অগ্নিনির্বাপণ সক্ষমতা আরও শক্তিশালী হবে।